২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চারদিকে বন্যার ক্ষত, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

আশ্রয়কেন্দ্র থেকে সাড়ে আট হাজার মানুষ বাড়িঘরে ফিরেছেন। এখনও সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিডিনিউজ২৪

নাজমুল হক শামীম. ফেনী প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে সড়ক আর বাড়িঘরে বন্যার ক্ষতের মধ্যে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ।

শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার আশ্রয়কেন্দ্র থেকে সাড়ে আট হাজার মানুষ বাড়িঘরে ফিরেছেন। এখনও সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।   

ফেনী-পরশুরাম আঞ্চলিক মূল সড়কের ফুলগাজী উপজেলা অংশ থেকে নেমেছে বন্যার পানি। তবে ওই সড়কের পরশুরাম অংশে এখনও পানি রয়েছে। 

বন্যা আক্রান্ত এলাকা দেখতে সকালে ফুলগাজীর মুহুরী নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সরেজমিন পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম। পরে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বানভাসি মানুষের সঙ্গে কথা বলেন।

জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলাসহ ছাগলনাইয়া (আংশিক), ফেনী সদর (আংশিক) ও দাগনভূঞা (আংশিক) উপজেলার প্লাবিত ১১২টি গ্রামের নিচু স্থানে পানি থাকলেও বেশিরভাগ বাড়ি-ঘর থেকে পানি নেমে গেছে। নতুন করে কোনো গ্রাম পানিবন্দি হয়নি। 

বানভাসিদের লড়াই

বন্যার পানি নেমে যাওয়ার পর লড়াই-সংগ্রাম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসিরা। যে সব গ্রামের ঘর থেকে পানি নেমে গেছে তারা ঘর মেরামত ও জিনিসপত্র ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন।

ফুলগাজীর দরবার ইউনিয়নের পশ্চিম দরবারপুর গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তার বলেন, শনিবার দুপুর পর্যন্ত তার ঘরটি কোমর পানিতে নিমজ্জিত রয়েছে। তিনি গত চার দিন আশ্রয়কেন্দ্রে থাকলেও শনিবার সকাল থেকে তার বাড়ি পার্শ্ববর্তী একটি উঁচু ঘরে অবস্থান করছেন। তার ঘর থেকে পানি নামতে আরও সপ্তাহখানেক লাগবে। 

এই সময় দুর্ভোগের মধ্যেও কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন স্বপ্না।

ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর থেকে ঘরের পানি নেমেছে। তবে শনিবারও বাড়ির উঠানে হাঁটু সমান পানি রয়েছে। বন্যার কারণে বাড়ির জিনিসপত্র নষ্ট হয়েছে। 

পরশুরামের চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা গ্রামে মুহুরী নদীর ভাঙনে নিঃস্ব হয়েছেন বিমল দাস। তিনি বলেন, হঠাৎ বন্যায় তার দোচালা ঘরটি পুরোটা ভেঙে চাল মাটিতে বসে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন। 

ঘর সংস্কারে সরকার ও বিভিন্ন দপ্তরের কাছে সাহায্য প্রার্থনা করছেন তিনি।

ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় চার উপজেলায় দুই হাজার ৩৫০টিরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং এক হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণিসম্পদ খাতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার ক্ষতি হয়েছে। 

এ ছাড়া সড়ক ও অন্যান্য অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। সব এলাকা থেকে পুরোপুরি পানি নেমে যাওয়ার পরই ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন বলেন, ২৫টি আশ্রয়কেন্দ্রে এখনও সহস্রাধিকেরও বেশি মানুষ রয়েছে। বন্যা কবলিত উপজেলায় ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠে কাজ করে যাচ্ছেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বন্যা পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। দ্রুত সময়ের মধ্যে বন্যার ক্ষয়ক্ষতির একটি চিত্র পাওয়া যাবে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করবে।

‘মুহুরী নদীর বাঁধ নির্মাণে মেগা প্রকল্প’

সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। 

তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর ভাঙন কবলিত উত্তর শ্রীপুর গ্রামের নাপিতকোনা এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি মুন্সিরহাট ইউনিয়নের আলী আজম স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি ছাগলনাইয়া উপজেলার মাটিয়া গোদা ও হরিপুর এলাকার দুটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মুহুরী নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে কাজটি দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। 

অতীতে সংস্কার হওয়া বাঁধের কাজের মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী সপ্তাহে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টাও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। ফেনীবাসী যারা ভুক্তভোগী তাদের সঙ্গে আলোচনা করেই সব করা হবে। স্থায়ীভাবে সমাধানের জন্য সব ধরনের পরিকল্পনা রয়েছে। কাজের মান খারাপ হলে যারা কাজ করেছে তাদের জবাব দিতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শুক্রবার রাতে উপদেষ্টা ফেনী সার্কিট হাউসে জেলা, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন:

ফেনীর বন্যা: রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর বন্যা পরিস্থিতি 

ফেনীতে বন্যা কবলিত সাড়ে ৩৪ হাজার মানুষ, আশ্রয়কেন্দ্র ছাড়ছে লোকজন

ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, ফুলগাজী-পরশুরাম বিচ্ছিন্ন, মাঠে সেনা-

টানা বৃষ্টিতে ৫ জেলায় জলাবদ্ধতা, বন্যার চোখ রাঙানি

ফেনীতে বাঁধের ১৭ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফেনীতে সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত, ২ নদীর বাঁধে ভাঙন