২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, ফুলগাজী-পরশুরাম বিচ্ছিন্ন, মাঠে সেনা-বিজিবি

এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও সরকারি হিসাবে বলা হচ্ছে, এই সংখ্যা ২০ হাজারের কাছাকাছি।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 

এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও সরকারি হিসাবে বলা হচ্ছে, এই সংখ্যা ২০ হাজারের কাছাকাছি।

আশ্রয়কেন্দ্রে বানভাসি মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে বন্যাদুর্গতরা।

এই অবস্থার মধ্যে ফুলগাজী উপজেলার পানিবন্দি বিভিন্ন গ্রামে উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনীর কয়েকটি দল।

তৃতীয় দিনের মত ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ডুবে থাকায় ছোট-বড় সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ফেনী জেলা সদরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে বুধবার রাত থেকে মুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০ দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধের আর কোথাও নতুন করে ভাঙন দেখা দেয়নি। তবে এর আগে ভাঙন দেখা দেওয়া ২০টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। 

নতুন আক্রান্ত দুই উপজেলা

বুধবার সন্ধ্যা পর্যন্ত পরশুরাম ও ফুলগাজী উপজেলার মানুষ পানিবন্দি হলেও রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছাগলনাইয়া ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী উপজেলার ৬৭ গ্রাম, পরশুরাম উপজেলার ২৭টি গ্রাম, ছাগলাইয়া উপজেলার ১২টি গ্রাম, সদর উপজেলার পাঁচটি গ্রাম রয়েছে বলে জেলা প্রশাসন থেকে দাবি করা হয়েছে। যদিও স্থানীয়দের ভাষ্য, এ সংখ্যা আরও বেশি।  

ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের অটোরিকশাচালক মোহাম্মদ জসিম বলেন, বুধবার বিকাল থেকে তার ঘরে পানি ঢুকে কোমর সমান হয়ে যায়। এরপর তিনি অন্য কোনো উপায় না পেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে ওঠেছেন। ঘরের সব মালামাল পানিতে নষ্ট হচ্ছে। কিছুই রক্ষা করতে পারেননি। 

একই এলাকার রোকসানা আক্তার বলেন, ঘরে পানিবন্দি থাকায় সন্তানদের নিয়ে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে আসেন। তবে তার আশ্রয়কেন্দ্রটিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। পাশের দোকান থেকে শুকনো খাবার কিনে বাচ্চাদের খাওয়ানো হয়েছে।

বুধবার রাত থেকে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে ছাগলনাইয়া ও সদর উপজেলার নিম্নাঞ্চল। ছাগলনাইয়া উপজেলার এলনাপথর, মাটিয়াগোধা, দক্ষিণ সতর নদীরকূল, দক্ষিণ সতর, উত্তর পানুয়া, কাশীপুর, নিচিন্তা, লক্ষ্মীপুরসহ বেশ কিছু স্থানের মানুষ পানিবন্দি হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার উপজেলায় ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। আটটি আশ্রয়কেন্দ্রে ৪৯০ জন আশ্রয় নিয়েছেন। বিভিন্ন গ্রাম থেকে আক্রান্তরা আশ্রয়কেন্দ্রে ছুটে আসছেন। উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক বন্যার চিত্র তদারকি করা হচ্ছে।

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর ও মোটবি ইউনিয়নের ইজ্জতপুর, বাঘাইয়া কচুয়া এলাকার কিছু গ্রাম পানিবন্দি হওয়ায় শতাধিক পরিবার নিকটস্থ আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার বিকাল থেকে উঠতে শুরু করেছেন বলে জানিয়েছেন সদরের ইউএনও সুলতানা নাসরিন কান্তা। 

মাঠে সেনাবাহিনী

ফুলগাজীর পানিবন্দি বিভিন্ন গ্রামে উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনীর কয়েকটি দল। 

বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দূরন্ত ১৫ সাপোর্ট ব্যাটেলিয়ানের ১৩৯ সদস্যের একটি কোম্পানি উদ্ধার ও ত্রাণ তৎপরতার কাজে নেমেছেন। নিজস্ব ট্রাকে করে শুকনো খাবারের সহস্রাধিক প্যাকেট বিতরণ করার জন্য ফুলগাজীতে আনা হয়েছে।

সেনাবাহিনীর কোম্পানির দায়িত্বে থাকা মেজর মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার এ ত্রাণ তৎপরতার কাজ শুরু করা হয়েছে। সেনাবাহিনী নিজস্ব ১০টি স্পিডবোটের মাধ্যমে দুর্গম এলাকায় পানিবন্দিদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত পানিবন্দি মানুষকে উদ্ধার করা প্রয়োজন হবে এবং ত্রাণ বিতরণের প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী বানভাসি মানুষের পাশে থাকবে। 

ত্রাণ না পাওয়ার অভিযোগ

ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের আলী আযম স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্রে অবস্থান করা রিনা আক্তার বলেন, বুধবার রাত থেকে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করলেও ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি।

একই ইউনিয়নের শ্রীপুর দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন শরিফা আক্তার। তিনি বলছিলেন, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো ত্রাণ না পেয়ে শুকনো খাবার খেয়ে কোনোরকমে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। গত তিন দিন এখানে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে উপজেলা প্রশাসন।

রান্না করা খাবার নিয়ে বিজিবি

পরশুরাম ও ফুলগাজীতে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে ফুলগাজীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করে চলেছে বাহিনীটি। 

বুধবার রাতে উপজেলার মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বাহিনীর পক্ষে খাবার বিতরণ করা হয়। 

বিজিবি কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। 

এ সময় বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক নজরুল ইসলাম।

বৃষ্টি ও নদীর সর্বশেষ চিত্র

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, বুধবার বিকাল থেকে ভারি বর্ষণ বন্ধ থাকায় ও উজান থেকে ঢলের পানি কমতে শুরু করায় মহুরি নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেছে। 

এই নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ২ মিটার বা ২২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি বিপৎসীমা ১২ দশমিক ৫৫ সেন্টিমিটার।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বিগত দুদিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উচ্চ পর্যবেক্ষক) মো. মজিবুর রহমান।