সড়কে ঝরল ৬ প্রাণ
দিনের বিভিন্ন সময়ে যশোর, জামালপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর ও সিলেটে একজন করে নিহত হন।
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে যশোর, জামালপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর ও সিলেটে একজন করে নিহত হন বলে সংশ্লিষ্ট থানাগুলো পুলিশ জানায়।
যশোর
জেলার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি মামুন হুসাইন জানান।
নিহত জান্নাতুল ফেরদৌস (২৪) যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর শার্শা অফিসে কম্পিউটার অপারেটর ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মামুন হুসাইন বলেন, সকালে সহকর্মী নূর ইসলামের সঙ্গে মোটরসাইকেলে শার্শা যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। তাদের মোটরসাইকেলটি নাভারণ বাজারে পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিকালে ওই গ্রামের আব্দুল আজিজের দুই বছর বয়সী শিশু কন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলছিল। এ সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়।
ঝিনাইদহ
ঝিনাইদহে বাসের ধাক্কায় রাকিবুল ইসলাম (৫২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের প্রয়াত আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড এলাকার ব্র্যাক ব্যাংক শাখার নিরাপত্তা প্রহরী ছিলেন।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে ডিউটি শেষে বাইসাইকেলে শহর থেকে গ্রামে ফিরছিলেন রাকিবুল। পথে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদরের মূলজান এলাকায় আবু তালেব (২৯) নামের ওই মোটরসাইকেল আরোহী নিহত হন বলে গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান।
নিহত আবু তালেব সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ছৈন্ট্রা এলাকার শামসুল আলমের ছেলে।
ওসি মাসুদ জানান, সকালে আবু তালেব মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঘিওরের দিকে যাচ্ছিলেন। সে সময় অনেক ঘন কুয়াশা ছিল। অজ্ঞাত একটি গাড়ি আবু তালেবের বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নাটোর
নাটোরের সিংড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সংঘর্ষে মো. জয়নাল আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদম শহর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ি গরু ভর্তি করে বগুড়ার রানীরহাটে যাচ্ছিল। পথে সিংড়ামুখি জয়নাল আলীর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল নিহত হন। এ সময় চালক নসিমন রেখে পালিয়ে যান।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “ওই ছেলে আমাদের ইউনিয়নে তার এক বন্ধুর বাড়ি থেকে ফিলছিলেন।”
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্বজনরা এসে আবেদন করলে মৃতদেহ দিয়ে দেওয়া হবে।“
সিলেট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিআরটিসির বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক সাজন (২৮) ঘটনাস্থলেই মারা যান বলে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার জানান।
নিহত যুবক সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খুরশেদ আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বিআরটিসি বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় রশিদপুর এলাকায়।এতে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান।
দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করেন বলে জানান ওসি কামরুল।
