২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গভীর রাতে বোমার বিস্ফোরণ, উড়ে গেল ঘরের চাল

“গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি চারদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:50 PM

Updated : 23 Aug 2023, 08:50 PM

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গভীর রাতে বোমা বিস্ফোরণে একটি বাড়ির ঘরের চাল উড়ে গেছে; ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও বেড়া। তবে এতে কেউ আহত হয়নি।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাগেরপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার জানান।

আবুল হোসেন সরদার দাবি করেন, “প্রতিদিনের মত আমরা সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ৩টার দিকে ঘরের পেছনের দরজা ভেঙে কয়েক মুখোশধারী প্রবেশ করে। তারা আমার গলায় অস্ত্র ধরে, ছেলে আফজালকে খুঁজতে থাকে। আফজালকে না পেয়ে তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

“এতে বিকট শব্দে ঘরের টিনের চাল ও বেড়া উড়ে যায়। খাট, আলমারি, আসবাবপত্র ও ফার্নিচার দুমড়ে-মুচড়ে যায়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে মুখোশধারীরা পালিয়ে যায়।”

আবুল হোসেন সরদারের স্ত্রী নাছিমা আক্তার বলেন, “মুখোশধারী কয়েকজন এসেই আমার ছেলেকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বোমা নিক্ষেপ করে।”

এই বাড়ির প্রতিবেশি নুরজাহান বেগম বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি চারদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ। বিকট শব্দ হওয়ায় গোয়ালে থাকা গরুগুলি ছুটাছুটি করতে থাকে। আবুল হোসেন সরদারের ঘরের টিনের চাল আমাদের ঘরে এসে পড়ে।”

গোসাইরহাট থানার ওসি আরও বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”