মাইক্রোবাসের দরজায় লুকানো ছিল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
গ্রেপ্তার আহানকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে র্যাব।
নাটোরে সদর উপজেলায় মাইক্রোবাসের দরজায় বিশেষভাবে লুকানো গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নাটোরের বড়হরিশপুর বাইপাস মোড় থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মো. আহান ইসলাম (৪০) জয়পুরহাট জেলার চাঁদপুর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।
র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, বড়হরিশপুর বাইপাস মোড়ের ঢাকা অটোজ গ্যারেজের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করা হয়।
“তার কাছ থেকে ১৩ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা, একটি মোবাইল, একটি সিমকার্ড, সাদা-মেরুন একটি টয়োটা মাইক্রোবাস, মাদক বিক্রয়ের নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়।”
“সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বহন করার জন্য মাইক্রোবাসের দরজার প্যাড কভারের ভিতরে বিশেষ কায়দায় তৈরি চেম্বারে রেখেছেন বলে স্বীকার করেছেন আহান।”
আহানকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে র্যাবের কমান্ডার বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা করে আসছেন। তার নামে জয়পুরহাটেও দুইটি মাদকের মামলা আছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
