২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা ভাড়া নিয়ে ‘মাদকের কারবার’, এক মণ গাঁজাসহ আটক ৫

টাঙ্গাইলে দুই দিন আগে পিকআপে করে ওই বাসায় গাঁজা নিয়ে আসা হয় বলে জানায় পুলিশ।

বাসা ভাড়া নিয়ে ‘মাদকের কারবার’, এক মণ গাঁজাসহ আটক ৫

টাঙ্গাইলের সখীপুরে গাঁজাসহ আটক পাঁচজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 10:44 PM

Updated : 13 Jan 2024, 10:44 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাসা ভাড়া নিয়ে ‘মাদকের কারবার চালানো’ চার নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় বাসা থেকে এক মণ গাঁজা জব্দ করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট পৌর শহরের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদী সদর উপজেলার করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া উপজেলার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা ভাড়া নেন। দুই দিন আগে পিকআপে করে ওই বাসায় গাঁজা আনার খবর পাওয়া যায়।

ওসি শাহিনুর রহমান বলেন, গোপন খবর পেয়ে দুপুরে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। বাসা তল্লাশি করে একটি বস্তা ও তিনটি স্কুল ব্যাগে আনুমানিক এক মণ গাঁজা পাওয়া যায়। এ সময় ওই বাসা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন; রোববার সকালে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।