Published : 15 Dec 2022, 08:22 PM
সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় এ কার্যক্রম শুরু হয় বলে জানান বন কর্মকর্তা ও বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক আবু নাসের মোহসিন হোসেন।
তিনি বলেন, সকাল থেকে আমাদের একটি দল 'সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প' এর আওতায় বনের নদী-খাল জরিপের কাজ শুরু করেছে।
“১ জানুয়ারি থেকে শুরু হবে ক্যামেরা বসানো। বনের প্রায় ৮০০টি গ্রিডে ক্যামেরা বসিয়ে বাঘসহ অন্য প্রাণীর ছবি তোলা হবে। ছবিগুলো প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হবে।”
মোহসিন জানান, আগামী তিন মাস এ ধরনের জরিপ ও ক্যামেরা ট্র্যাপিং চলবে। ২০২৩ সালের নভেম্বরে আবারও একইভাবে জরিপ ও ক্যামেরা ট্র্যাপিং করা হবে। ২০২৪ সালের মার্চের দিকে এর ফলাফল জানা যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ 'সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প' শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
যার ব্যয় ধরা হয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত।
প্রকল্পের দুটি অংশের কথা জানিয়ে তিনি বলেন, এর একটি বাঘ গণনা, অন্যটি বাঘ সংরক্ষণ। চলতি বছরের অক্টোবর থেকে বাঘ গণনা অংশের কাজটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পটির অর্থছাড় হতে দেরি হয়।
“পরে অক্টোবরের মাঝামাঝি প্রকল্পের বাঘ গণনা অংশের জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড় করে পরিকল্পনা কমিশন।”
আবু নাসের মোহসিন হোসেন আরও বলেন, পরিকল্পনা কমিশন থেকে অর্থছাড়ের বিষয়টি অনুমোদনের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কিছু প্রসেস ছিল। সেগুলো সম্পন্ন করে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বর্তমানে বিশ্বের মাত্র ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে।
এর মধ্যে সবশেষ ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘ পাওয়া যায় ১১৪টি। যা ২০১৫ সালে ছিল ১০৬টি ও ২০০৪ সালের জরিপে ছিল ৪০৪টি।
সম্প্রতি সুন্দরবনে বার বার বাঘের দেখা মিলছে জানিয়ে বন সংরক্ষক আরও বলেন, এতে ধারণা করা হচ্ছে, বনে বাঘের সংখ্যা বেড়েছে।
“সুন্দবনের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বাঘের গুরুত্ব সব থেকে বেশি। এই প্রকল্পটি মূলত বাঘের বংশবৃদ্ধির জন্য নেওয়া হয়েছে।”
তবে প্রকল্পের বাঘ সংরক্ষণ অংশের জন্য এখনও পরিকল্পনা কমিশন থেকে টাকা ছাড় হয়নি বলে জানান এ বন সংরক্ষক।
আরও পড়ুন:
পুরানো খবর:
সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়াতে অগ্রগতি কতদূর?পুরানো খবর:
লোকালয়ে বাঘের আনাগোনার পেছনে খাবার সঙ্কট?