২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 03:41 PM

Updated : 27 Nov 2023, 03:49 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে ৫টার দিকে উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় করতোয়া স্পিনিং কারখানায় এ ঘটনা ঘটেছে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্টেশন অফিসার ইফতেখার বলেন, ওই কারখানার ব্লো রুমের যন্ত্র থেকে সুতার মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ব্লু রুমে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই রুমে থাকা বেশ কিছু তুলার বান্ডিল ও মেশিন পুড়ে গেছে “

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন  বলেন, “আগুনে ব্লো রুমে থাকা মূল্যবান যন্ত্রাংশ, তুলা সহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি।”

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “অল্প সময়ের মধ্যেই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, ব্লো রুমের মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।