২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

তুচ্ছ ঘটনার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনকে লাঠি দিয়ে আঘাত করেন বলে জানায় পুলিশ।

ফেনীতে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

নিহত ইব্রাহিম খলিল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 09:18 PM

Updated : 14 Mar 2024, 09:18 PM

ফেনীর সোনাগাজী উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের বড় ভাই পালাতক রয়েছেন।

পাঁচ দিন আগে আহত ওই যুবক বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ।

নিহত ইব্রাহিম খলিল উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আরব আলী সারেং বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে। বড় ভাইয়ের নাম মোশারফ হোসেন সবুজ।

ইব্রাহিমের স্ত্রী নাসিমা আক্তার বলেন, “৯ মার্চ বিকালে তুচ্ছ ঘটনার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। তখন সবুজ লাঠি দিয়ে ইব্রাহিমের মাথায় আঘাত করেন। চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করেন তিনি।”

পরে ইব্রাহিমকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

ওসি সুদীপ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইব্রাহীমের স্ত্রীকে থানায় ডেকে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।