বৌ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু
এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জামিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে প্রতিবেশী বৌ-শাশুড়ির ঝগড়া থামাতে লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকায় মঙ্গলবার বিকালে জামিলা আক্তার নামে এক গৃহবধূর সঙ্গে তার শাশুড়ির ঝগড়া বাধে। এ সময় তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান রাশেদ।
“এক পর্যায়ে গৃহবধূ জামিলার লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন রাশেদ। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাশেদের মৃত্যু হয়েছে।
“এ ঘটনায় জামিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
নিহত রাশেদের বাড়ি বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকায়।
