২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার

প্রবাসে পলাতক জীবন কাটিয়ে ৯ মাস আগে তিনি দেশে এসেছেন।

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2024, 10:13 AM

Updated : 31 Jan 2024, 10:32 AM

যৌতুক নিরোধ আইনে এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর বিদেশে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি এক সৌদি আরব প্রবাসীর।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে এই দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার আলমগীর হোসেন (৫৯) ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

র‌্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৬ সালে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। ১৯৯৯ সালে ওই মামলার রায়ে তাকে এক বছর কারাদণ্ড দেয় আদালত।

মামলার পর থেকে আলমগীর সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন। প্রবাসে ২৭ বছর পলাতক জীবন কাটিয়ে ৯ মাস আগে তিনি দেশে এসেছেন। পরে আসামিকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা র‌্যাবের সহায়তা চায়।

র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করে।

দণ্ডিত আসামিকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের উপ-অধিনায়ক জাহাঙ্গীর।