নওগাঁয় হত্যা মামলায় পাঁচ ভাইসহ ১০ জনের যাবজ্জীবন
অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেন আদালত।
নওগাঁর বদলগাছীতে ২০১৩ সালে গভীর নলকূপের মালিকানা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
উজ্জ্বল হোসেন নামে ওই ব্যক্তিকে হত্যার নয় বছর পর বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল বাকী।
এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশও দেয়া হয়।
এছাড়া, অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান, তার ভাই ওয়াহেদ আলী, সামসুজ্জামান, রকেট ও ডাবলু, একই গ্রামের আব্দুল হামিদ ও তার ভাই এনামুল হক, মোশাররফ হোসেন, বজলুর রহমান ও এমদাদুল হক।
খালাস পাওয়া তিন জন হলেন, দণ্ডপ্রাপ্ত বজলুর রহমানের স্ত্রী করিমা বেগম, এনামুলের স্ত্রী জলি আক্তার ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা হবিবরের ছেলে মো. জীবন।
এপিপি আব্দুল বাকী জানান, বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের একটি গভীর নলকূপের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ২০১৩ সালের ৯ মে কামরুজ্জামান ও তার চার সহোদরের নেতৃত্বে কয়েকজন উজ্জ্বল হোসেনসহ চারজনকে পিটিয়ে আহত করে।
ঘটনার চারদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মারা যান। এ ঘটনায় দুর্গাপুর গ্রামের গভীর নলকূপ সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বদলগাছী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ১৫ সেপ্টেম্বর বদলগাছী থানার এসআই লেলিন আলমগীর ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আদালত মামলার তদন্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসকসহ ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
এ মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মামুনুর রশিদ।
রায়ের পর তিনি বলেন, “দণ্ডপ্রাপ্ত আসামিরা ন্যায়বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।”
