পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় এখনও দুজন নিখোঁজ
বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়ার ১৯ ঘণ্টা পর ট্রলারটি ৩০ ফুট পানির নিচ থেকে টেনে তোলা হয়।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনও দুজন নিখোঁজ আছেন।
শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রলারটি চর হাসাইলের মিয়াবাড়ি ঘাট থেকে হাসাইল বাজারের দিকে যাচ্ছিল। অন্ধকারে একটি বাল্কহেড এসে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায় নৌযানটি। এ ঘটনায় ফহিজা আক্তার নামে এক শিশু ও সিফা আক্তার নামে এক কিশোরী মারা যায়।
ঘটনার ১৯ ঘণ্টা পর রোববার দুপুরে ট্রলারটি ৩০ ফুট পানির নিচ থেকে বিআইডব্লিউটিএর ক্রেন বোট দিয়ে টেনে তোলা হলেও দুই যাত্রী এখনও নিখোঁজ আছেন বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মোহসিন জানান।
নিখোঁজরা হলেন- ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী মাহফুজুর রহমান রানা এবং সিরাজদিখানের মালখানগর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ।
রানার স্বজনরা জানান, ওই ট্রলারে তার পরিবারের পাঁচ সদস্য ছিলেন। এর মধ্যে স্ত্রীসহ তিনজন জীবিত উদ্ধার হলেও খালাতো বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেফা আক্তার মারা যায় ও রানা নিখোঁজ আছেন।
এদিকে, সূর্যাস্তের পর বাল্কহেড নিষিদ্ধ থাকার বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ওবায়দুল করিম খান বলেন, “নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।”
আরও পড়ুন:
