মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ২
জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।
ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরির ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।
গ্রেপ্তাররা হলেন- আলমগীর হোসেন (৪৫) ও রিফাতুল ইসলাম অন্তর (২৫)। দুজনের মধ্যে আলমগীর চুরি চক্রের মুল হোতা এবং অন্তর চুরি হওয়া ঘন্টার ক্রেতা বলে দাবি করেছে এসআরবি।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ঘণ্টা চুরির ঘটনায় এখন পর্যন্ত এসআরবি ও পুলিশ মিলিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।
গ্রেপ্তার আলমগীরের নামে মোহাম্মদপুর থানায় ১টি ডাকাতি প্রস্তুতি ও ২টি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি কর্মকর্তা তাপস বলেন, এর আগ মোহাম্মদপুর থেকে রহিম বাদশাহকে (৪১) এবং গাজীপুর থেকে সোহাগকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরে তুহিন নামে আরো একজনকে গ্রেপ্তারের কথা বলেছিল পুলিশ।
গেল ১ অক্টোবর মধ্যরাতে চার্চের ৭০ কেজি ওজনের ঘন্টা চুরি হয়। পরদিন রাতেই জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।
তখন পুলিশ জানিয়েছিল, অভিযানের মধ্যে চোর বা চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে গেছে।
