০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরি

পুলিশ বলছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে।

মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরি

সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ। ফেইসবুকে পাওয়া ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:44 PM

Updated : 01 Oct 2026, 11:44 PM

ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় চার্চের তরফে একটি অভিযোগ করা হয়েছে বলে এ থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো একসময় চুরি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন।

“আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”

চার্চের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। ‘পূর্বপরিকল্পিতভাবে’ ক্যামেরা বন্ধ করে চুরি করা হতে পারে।

সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় যাওয়ার সময় তিনি চার্চের ছোট গেইট অর্ধেক খোলা আর তালা ভাঙা দেখতে পেয়েছেন।

“ওপরে তাকিয়ে দেখি গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে আমাদের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল।”