২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জমে উঠেছে ঈদ বাজার, ইফতারির পর বাড়ছে ক্রেতা

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কেনাকাটা জমে উঠছে বলে জানান ব্যবসায়ীরা।

রংপুরে জমে উঠেছে ঈদ বাজার, ইফতারির পর বাড়ছে ক্রেতা

রংপুর নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 07:46 PM

Updated : 15 Apr 2023, 07:56 PM

ঈদকে সামনে রেখে রংপুরে জমতে শুরু করেছে ঈদ বাজার। নগরীর মার্কেট ও শপিংমলগুলো দিনে ফাঁকা থাকলেও ইফতারের পর থেকে বাড়ছে মানুষের আনাগোনা।

রংপুরে বৃহত্তম সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কেনাকাটা জমে উঠছে। এখন ক্রেতাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বাড়ছে।

কেনাকাটার জন্য নারী-পুরুষরা ভিড় করছেন নগরীর জাহাজ কোম্পানি শপিংমল, সাদিয়া বেনারসি পল্লী, সালেক মার্কেট, মমতাজ শপিংমল, রজনীগন্ধা মার্কেট, আর এম সি মার্কেট, সেন্ট্রাল রোড মার্কেট, প্রেস ক্লাব মার্কেট, মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স, জেলা পরিষদ মার্কেট, শাহ জামাল মার্কেট, আড়ং ও মেগামলগুলোতে।

আর দরদামে ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ইফতারের পর পরই মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। নিজেদের পছন্দ মত কেনাকাটা করতে ব্যস্ত ক্রেতারা।

দোকানিরা বলছেন, যেহেতু ঈদের আর বেশি দিন নেই, তাই ক্রেতা বেড়েছে।

মেঘা মহল শোরুমের মালিক তানভির হোসেন আশরাফি বলেন, “এবারের ঈদ কালেকশন আগে থেকে স্টক করা রাখা হয়েছে। স্পেশাল কিছু প্রোডাক্ট এনেছি।

“গত বছর থেকে এ বছর আমাদের সালোয়ার-কামিজের মান ও ডিজাইন আরও উন্নত করা হয়েছে। এ ছাড়া এখানে শার্ট, প্যান্ট, জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, সুতি শাড়ি এবং মসলিন শাড়ি আছে। এবার মসলিনের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে, যা গতবার ছিল না।”

ঈদ কেনাকাটায় ক্রেতাদের ভিড় নিয়ে তিনি বলেন, “সকালে তেমন কোনো ক্রেতা আসে না। সন্ধ্যা থেকেই ক্রেতা বাড়তে থাকে। সামনে আরও বাড়বে বলে আশা করছি।”

সুপার মার্কেটের সেঁজুতি শাড়ি ঘরের বিক্রেতা আমিন উদ্দিন বলেন, “শুরু হয়েছে ঈদের আমেজ। মানুষ এখন ভালোই কেনাকাটা করছে। কারণ পরে যারা কিনতে আসে, তারা ঠিক মতো সাইজ পান না। এটা একটা সমস্যা।”

সালেক মার্কেটের ইক্সট্রা শো-রুমের মালিক শাহ নেওয়াজ লাবু বলেন, “তিন-চার দিন ধরে ঈদের কিছুটা আমেজ পাওয়া যাচ্ছে। আমাদের বেচা-বিক্রি আগের থেকে বেড়েছে। মার্কেটও জমজমাট হচ্ছে।”

এ ছাড়া তরুণরা ঈদের কেনাকাটার জন্য মার্কেটে বের হলেও তারা কিনবেন আরও পরে। কয়দিন দেখাশোনা করবেন। কোন মার্কেটে নতুন ডিজাইনের কী আসলো তা নিশ্চিত হয়ে কিনতে চান তারা।

নগরীর ধাপ এলাকার কোহিনুর আকতার কেয়া বলেন, “বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিদিনই নতুন নতুন ড্রেস আসে, সেগুলো দেখে যাচ্ছি। এক-দুইদিন পর এসে কিনব।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকতার জাহান বলেন, “আমার বাসা কুড়িগ্রামে। কাল বাসায় চলে যাব।  তাই আজ মার্কেটে আসলাম ঈদের কিছু কেনাকাটা করতে।”

অনেকে আবার অল্প অল্প করে ঈদের জামাকাপড় আগেই কিনে রেখেছেন।

Image

রংপুর নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

খাসবাগ এলাকার নাজমুন নাহার বলেন, “সময় বের করে অল্প অল্প করে কিনে রেখেছি। পরিবারের সবার জন্যই কিনেছি। শেষের দিকে মার্কেটে ভিড় বেশি হয়। তাই আগে ভাগে সব কেনাকাটা শেষ করেছি।”

জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা হাবিবা ইসলাম বলেন, “এই শপিংমলটি তুলনামূলক অন্য মার্কেটের থেকে নতুন। এখানে ঘর সাজানো জিনিস থেকে শুরু মোটামুটি সব কিছুই পাওয়া যায়। দামও সাধ্যের মধ্যে। আমি এসেছিলাম শাড়ি কিনতে। এখনও কিনতে পারিনি।”

অন্যদিকে স্বল্প আয়ের মানুষদের কেনাকাটা করার জন্য নগরীতে গড়ে উঠেছে হনুমনতলা মার্কেট। সেখানেও সাধ্যের মধ্যে কেনাকাটা করতে ভিড় জামাচ্ছেন স্বল্প আয়ের মানুষরা।

এই মার্কেটের দোকানদার বাদশা মিয়া বলেন, “আমাদের এখানে যারা মার্কেট করতে আসা তারা একেবারেই নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এখানে ১০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত জামাকাপড় পাওয়া যায়। মূলত নিম্ন আয়ের মানুষরাই আমাদের ত্রেতা। তাদের কাছে আমরা বেশি লাভ করি না।”

হনুমনতলায় কেনাকাট করতে আসেন নগরীর মুন্সি পাড়ার রিকশাচালক আঙ্গুর মিয়ার স্ত্রী ফাতেমা বেগম।

তিনি বলেন, “আমরা গরিব মানুষ। ভালো কোনো মার্কেটে যেতে পারি না। এই হনুমনতলা মার্কেটে অনেক কম দামে কাপড়-চোপড় কিনতে পারি। এতেই আমরা খুশি।”

Image

রংপুর নগরীর হনুমনতলা মার্কেটে স্বল্প আয়ের মানুষ কেনাকাটা করছেন।

কুকরুল থেকে আসা নুর বানু বলেন, “হামরা গরিব মানুষ ভাই।এই ফুটপাতের দোকানে কেনাকাটা করি। এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়।”

দোকানদার আমিনুর মিয়া বলেন, “আমরা এখানে বেশি দামের কাপড় উঠাই না। কারণ এখানে বড় লোকেরা আসে না। তবুও ঈদে ভালো ব্যবসা হচ্ছে।“