২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ভস্মীভূত

বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 08:49 PM

Updated : 04 Nov 2023, 08:49 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বাজারের অর্ধশত দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন।

ব্যবসায়ীরা জানান, বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে হঠাৎ আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

আগুনে একটি এজেন্ট ব্যাংক এবং প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আজাদ হোসেন বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে প্রথমে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন ছড়িয়ে পড়লে গাজীপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ায় সার্ভিসের এ কর্মকর্তা।