ফরিদপুরে ডেঙ্গু জ্বরে নারীসহ চারজনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩ জনের।
বুধবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।
মৃতরা হলেন- ঝিনাইদহের হরিপুর এলাকার বাসিন্দা অঞ্জলি (৪০), ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম (৪৮), সদর উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা সবদার আলী (৭০) এবং আলফাডাঙ্গা উপজেলার চর নারানদিয়া গ্রামের বাসিন্দা শারমিন (১৩)।
সিভিল সার্জন বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজন মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫৬ জন।
চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৩০ জন; এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৮১ জন রোগী।
