২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, স্কুলে হামলা-আগুন

এ ঘটনায় মঙ্গলবার বিকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 10:47 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নওগাঁর বদলগাছী উপজেলায় এক জামায়াতে ইসলামী নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই জামায়াত নেতার শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন।  

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। 

মামলায় আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল হাসান দিপুকে (৫০) আসামি করা হয়েছে। তিনি কোলা ইউনিয়নের নিবন্ধিত কাজী (মুসলিম বিবাহ নিবন্ধক) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বদলগাছীর একটি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক। 

ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকেই জামায়াত নেতার স্কুলের সামনে শত শত অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ জড়ো হন। তারা শিক্ষককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে উত্তেজিত জনতার একটি অংশ স্কুলে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি, বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি ছিল খুবই কম। সকাল সাড়ে ৭টার কোচিং ক্লাসে অংশ নিতে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। তখন শ্রেণিকক্ষে একা পেয়ে শফিউল হাসান দিপু তাকে জড়িয়ে ধরেন, আপত্তিকর আচরণ করেন এবং অনৈতিক প্রস্তাব দেন।

অভিযোগে বলা হয়, এ সময় শিক্ষার্থী নিজেকে ছাড়িয়ে দ্রুত কক্ষ থেকে বের হয়ে আসে। পরে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে এবং পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মামলার বাদী বলেন, “আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।”

বিদ্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেওয়া একজন অভিভাবক বলেন, “একজন শিক্ষক যদি শিক্ষার্থীর জন্য নিরাপদ না হন, তাহলে সন্তানদের কোথায় পাঠাব?”

ওই শিক্ষকের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এই অভিভাবক।

স্থানীয় বাসিন্দা মিঠু হাসান বলেন, “এই ধরনের অভিযোগ এর আগেও এলাকায় শোনা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হোক।”

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, “এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল বলে শুনেছি। যদি বর্তমান অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে কাজীর লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ ব্যাপারে জানতে জামায়াত নেতা শফিউল হাসান দিপুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

তবে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানকে বিতর্কিত করার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসিবুল আলম বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”