২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চুনের গুদামে অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রানা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান; পরপর দুই-তিনবার বিকট শব্দ হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 09:07 PM

Updated : 27 Jun 2023, 09:07 PM

খুলনা নগরীতে একটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে, যেখানে চুন, ব্লিচিং পাউডার ও ভুসি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বড়বাজার কালীবাড়ি রোডে এই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে; হতাহতের কোনো তথ্য জানা যায়নি বলে তিনি জানান।

ঝন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “কালীবাড়ি রোডে সিটি ব্যাংকের পেছনের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই গুদামে চুন, ব্লিচিং ও ভুসি ছিল বলে জানতে পেরেছি।”

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ধোঁয়া দেখতে পাই। পরপর দুই-তিনবার বিকট শব্দ হয়। ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”