২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবল যাত্রীবাহী নৌকা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 08:34 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ 

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি আমিনুল হক জানান।

তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে আমিনুল হক বলেন, শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় একটি বাল্কহেড৷ 

নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন ছিলেন৷ তবে তারা সবাই সাঁতরে পাশের আরেকটি নৌকাতে ওঠেন৷

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়৷ 

এতে যানটির তলায় চলে যাওয়া কয়েকজন নারী যাত্রীকে সাঁতরে ভেসে থাকতে দেখা যায়৷