২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর মিলল শিশুর লাশ

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর মিলল শিশুর লাশ
নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 01:42 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

নরসিংদীর সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার মধ্য শিলমান্দী কবরস্থানের পাশে লাশটি পাওয়া যায় বলে শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম জানান। 

নিহত তিন বছর বয়সি সাদ্দাম হোসেন শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক মাসুদ বলেন, ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সাদ্দাম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

“রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।”

তিনি আরও বলেন, “শিশুটির মরদেহ পচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ইতিমধ্যে পরিবারের করা জিডির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।