২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চোর অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন

অভিযোগে বলা হয়, মারধরের এক পর্যায়ে প্লায়ার্স দিয়ে কিশোরের শরীরের চামড়া তুলে উল্লাস করে নির্যাতনকারীরা।

লালমনিরহাটে চোর অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন

লালমনিরহাটের কালীগঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 11:18 PM

Updated : 05 Apr 2023, 01:11 AM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোর অপবাদ দিয়ে এক কিশোরের হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

রোববার ভোটমারী ইউনিয়নের ব্যাঙ্গেরহাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল।

১৪ বছর বয়সী ওই কিশোর বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর মামা তিনজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, মায়ের মৃত্যুর পর ওই কিশোর মামার বাড়িতে বসবাস করে আসছে। সম্প্রতি ঢাকায় এক আত্নীয়ের বাড়ি বেড়াতে যায় সে।

“রোববার ঢাকা থেকে ফিরে গ্রামের পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল। পথে ব্যাঙ্গেরহাট এলাকায় পৌঁছলে রাস্তায় টিউবওয়েলের একটি ‘সকেট’ কুড়িয়ে পায় সে।

“এ সময় স্থানীয় ইসমাইলের ছেলে ওহাব মিয়া, সুভাসের ছেলে তাপস ও আজিজুলের ছেলে রানা মিয়াসহ কয়েকজন তাকে চোর অভিযোগ তুলে আটক করে।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, “পরে ওই কিশোরকে একটি মাছের ঘেরে নিয়ে রশি দিয়ে বেঁধে মারপিট করে তারা। এক পর্যায়ে প্লায়ার্স দিয়ে তার শরীরের চামড়া তুলে উল্লাস করে নির্যাতনকারীরা।

“পরে তাকে দুই বাঁশ দিয়ে শরীর চেপে দেয় নির্যাতনকারীরা। এ সময় স্থানীয় একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।”

খবর পেয়ে ওই কিশোরের মামাসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে ওসি এটিএম গোলাম রসুল জানান।