১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে আগুন, দলীয় কার্যালয়ে ভাঙচুর

ঘটনার সময় নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

কিশোরগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতির বাসভবনে। ভাঙচুর করা হয়েছে ভাস্কর্য্য। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ করেন বলে জানান সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেও গেলেও কাউকে পাওয়া যায়নি। 

অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু জর গিফারী বলেন, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসে। 

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে স্টেশান রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

পরে বুলডোজার দিয়ে কার্যালয় ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। 

সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা খরমপট্রি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। 

এ সময় নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। 

এ ছাড়া স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও চার জাতীয় নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে ।