২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিহতরা হলেন: বাসটির সুপারভাইজর ও চালকের সহকারী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 10:16 AM

Updated : 23 Jul 2023, 10:19 AM

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১০ জন।

গত শনিবার দিবগত রাত দেড়টার দিকে ঢাকা-বনপাড়া-নাটোর মহসাড়কের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ।

নিহত একজন বাসচালকের সহকারী আনারুল ইসলাম। তিনি চাপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর নুনগোলা এলাকার নজরুল ইসলামের ছেলে। অপরজন বাসটির সুপারভাইজর। তবে তার ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুদ জানান, চাপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি ট্রাকের পাশ কাটাতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসের খালি সিলিন্ডার বোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজর ও চালকের সহকারী নিহত হন।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।