নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩৮৪ রোগী।
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ৮১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন বলেন, এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪৯, সদর হাসপাতালে ১৫, মনোহরদী উপজেলায় ছয়, পলাশ উপজেলায় সাত ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১৬ রোগী।
নূরুল ইসলাম আরও বরেন, প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ রোগীর চাপ সামাল দিতে আলাদা ডেঙ্গু ইউনিট করার কথা ভাবছে বলে জানান তিনি।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৮৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের।
