অভিযানের পর ফরিদপুরে কাঁচা মরিচের কেজি ১৭৫ টাকা
এ ছাড়া চিনির পাইকারি ও খুচরা দোকানেও অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর কাঁচা মরিচ ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে কাঁচা মরিচের আড়তের পাশাপাশি চিনির পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আড়তে কাঁচা মরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স জান্নাত ভান্ডারকে ২০০০ টাকা এবং মেসার্স মোল্যা ট্রেডার্সকে ২০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এ ছাড়া চিনির দাম বেশি রাখায় মেসার্স সুধন্য স্টোরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় গণেশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০০০ টাকা ও সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রহমান, জেলা পুলিশের একটি দল এবং বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ।
তিনি জানান, “এই অভিধান জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।”
