বেনাপোল দিয়ে ‘রেকর্ড’ যাত্রী পারাপার
স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩-৪ হাজার যাত্রী পারাপার হলেও এখন সেটা বেড়ে অন্তত ৭-৮ হাজার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বাভাবিক সময়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যে সংখ্যক যাত্রী পারাপার করে ঈদের ছুটিতে তা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ছুটিতে অনেকে পরিবার-পরিজন নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছেন। স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটার উদ্দেশেও দেশ ছাড়ছেন এসব মানুষ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব বলেন, “ঈদের ছুটিতে যাত্রী সংখ্যা ২২ জুন থেকে প্রতিদিনই বাড়ছে। ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৬৩ হাজার ৭৩৯ জন যাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতে গেছেন ২২ হাজার ৬৭৩ জন এবং ভারত থেকে এসেছেন ৩০ হাজার ৬৬ জন।”
“স্বাভাবিক সময়ে প্রতিদিন তিন থেকে চার হাজার যাত্রী পারাপার হলেও এখন সেটা বেড়ে অন্তত সাত থেকে আট হাজার হয়েছে। তবে আগে ইনকামিং ও আউটগোয়িং যাত্রীর সংখ্যা প্রায় সমান থাকলেও এখন আউটগোয়িং যাত্রীর সংখ্যা প্রায় দ্বিগুণ”, যোগ করেন ওসি।
শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে পুলিশ, আনসার ও বন্দরের নিরাপত্তা কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
বেনাপোল চেকপোস্টে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টের কাজ শেষ করে ভারতীয় চেকপোস্টে প্রবেশের সঙ্গে সঙ্গে দীর্ঘলাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওপারের ইমিগ্রেশনের কাজ ধীরগতির কারণে এ দীর্ঘলাইন এমন অভিযোগ করেন যাত্রীরা।
ভারতীয় ইমিগ্রেশন থেকে ভারতীয় কাস্টমস, মেইন গেট, নো-ম্যান্স ল্যান্ডে কয়েকটি গোলাকার লাইন পেরিয়ে আশপাশের মাঠ ছাপিয়ে গেছে লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধা, নারী ও শিশুদের কষ্টের সীমা নেই। অনেক রোগীকে রাস্তার ওপরই বসে থাকতে দেখা গেছে। প্রচণ্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘলাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ।
সাংবাদিক ওমর আলী ঢাকা থেকে বেনাপোল চেকপোস্টে এসেছেন ভারতে যাবেন বলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেনাপোল ইমিগ্রেশনে বরাবরই সকালের দিকে প্রচন্ড ভিড় থাকে। এখানে বন্দর ব্যবহারের জন্য আলাদা সার্ভিস চার্জ (পোর্ট ট্যাক্স) নেওয়া হলেও মানুষকে বসতে দেওয়া তো দূরের কথা, দাঁড়ানোর ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যেই রোজ হাজার হাজার লোককে পার হতে হয়।
“প্রতিদিন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, কবি, সাহিত্যিক, শিল্পী পেশাজীবী মানুষ বিভিন্ন কাজে কলকাতা যায়। ইমার্জেন্সি চেক ইন করার জন্য গেটের বাইরে আলাদা একটা কাউন্টারের ব্যবস্থা রাখা দরকার।”
গোপালগঞ্জের কামনা রানী বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাই ঘুরে বেড়ানোর সময় পাই না। এবার ঈদের লম্বা ছুটি পাওয়ায় ভারতে বেড়াতে যাচ্ছি। ভারতে কয়েকজন আত্মীয় আছেন এ সুযোগে তাদের সঙ্গেও দেখা হবে এবং বেড়ানোও হবে।”
শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা বীনা রানী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। কাজের ব্যস্ততার কারণে এতদিন সময় করতে পারেনি। ঈদের ছুটিতে ব্যস্ততা কম থাকায় পরিবার নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন। চিকিৎসা শেষে ভারতের কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরবেন বলে ঠিক করেছেন তিনি।
ট্রাভেল ট্যাক্স দ্বিগুণ করার সরকারি সিদ্ধান্তকে ‘অমানবিক ও অযৌক্তিক’ অভিহিত করেন সাংবাদিক ওমর আলী। তিনি বলেন, যারা চিকিৎসা, পড়াশোনা, সেমিনারে যাচ্ছে তাদের কাছ থেকে ট্রাভেল ট্যাক্স নেওয়া হচ্ছে কেন? তারা তো বেড়াতে যাচ্ছেন না।
“ভারত ট্রাভেল ট্যাক্স নেয় না। তারা পর্যটকদের বেড়ানোর সুবিধা করে দেওয়ার জন্যই ট্রাভেল ট্যাক্স নেয় না। আমরা ট্রাভেল ট্যাক্স নেওয়ার পর কি পর্যটকদের বিশেষ কোনও সেবা দেই? সরকার ট্রাভেল ট্যাক্সের মাধ্যমে শত শত কোটি টাকা আদায় করছে বটে, কিন্তু পর্যটকদের সামান্যতম কোনও সার্ভিস দিচ্ছে না”, যোগ এই সাংবাদিকের।
এসব ব্যাপারে জানতে চাইলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব বলেন, “যাত্রীদের সেবায় ইমিগ্রেশনে আমাদের লোকজন একটানা কাজ করে যাচ্ছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হবে না আশা রাখি। পাসপোর্টধারী যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় এজন্য ইমিগ্রেশনে নজরদারি করা হচ্ছে।
একই সঙ্গে যাত্রীসেবা বাড়াতে ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবল বাড়ানো হয়েছে বলেও জানান ওসি।
