রংপুরে গ্রেপ্তার ৩, পুলিশের দাবিকে ‘নাটক’ বলছে বিএনপি
“এ ঘটনায় অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে; গ্রেফতার ব্যক্তিরা বিএনপির শীর্ষনেতাসহ অনেকের নাম বলেছে “
রংপুর নগরীর খটখটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; পুলিশের দাবি এরা বিএনপির নেতাকর্মী। তবে পুলিশের এ দাবি সত্য নয় বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
বুধবার রাতে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) উৎপল কুমার রায়।
প্রেস ব্রিফিংয় তিনি বলেন, “রংপুর মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা দলের নেতাকর্মীদের নিয়ে নাশকতা সৃষ্টি, জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং পুলিশের ওপর আক্রমণের করার উদ্দেশ্যে খটখটিয়া হাইস্কুল মাঠে গোপন বৈঠক করছে বলে আমাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাসহ অন্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে দুটি দেশি রামদাসহ গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নগরীর শালবন মিস্ত্রিপাড়া মহল্লার আকাশ ওরফে সৌরভ, নগরীর গুড়াতিপাড়া মহল্লার শামিউল আলম এবং রংপুর নগরীর রেলগেট বাবুপাড়ার আনাস সামাদ ।
উৎপল কুমার রায় বলেন, “এ ঘটনায় অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা বিএনপির শীর্ষনেতাসহ অনেকের নাম বলেছে। তাদেরও গ্রেপ্তার করা হবে।”
তবে গোটা বিষয়টিকে পুলিশের ‘নাটক’ বলে মনে করেন রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতারা।
মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডন এবং জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বলেন, গ্রেপ্তার তিনজনের কেউই বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী নয়। তাদের আমরা চিনি না, কখনও দেখিনি। পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই।
মূলত বিএনপিকে বিতর্কিত ও মানুষের কাছে ছোট করতে পুলিশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দাবি এসব বিএনপি নেতাদের।
