‘চিল্লাচিল্লি কইরা ঈদের আনন্দ মাটি করতে চাই না’
অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করেন আল আরাফাহ্ এক্সপ্রেস লিমিটেডের কাউন্টারে থাকা মাসুদ।
ঈদযাত্রার শেষে সময়ে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাস স্ট্যান্ডের কয়েকটি পরিবহন কাউন্টারের বিরুদ্ধে।
নরসিংদীর একটি সার কারখানার চাকরিজীবী ফাহিমুল ইসলাম। যাবেন চাঁদপুরের হাজীগঞ্জে; সঙ্গে ছোটভাই। দ্বিগুনের বেশি টাকায় বাসের টিকিট কিনতে হয়েছে বলে জানান তিনি।
শিমরাইল স্ট্যান্ডে এসে আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেড পরিবহনের ননএসি বাসের দু’টি টিকেট ১৪শ’ টাকায় কেনার কথা জানান ফাহিমুল।
তার ভাষ্য, “তিনশ’ টাকার টিকেট দ্বিগুনের বেশি দিয়ে কিনছি। ঈদের ভাড়া বাড়ে কিন্তু এত বাড়ানো তো ঠিক না। আমরা জিম্মি, যেতে তো হবেই। চিল্লাচিল্লি করে ঈদের আনন্দ মাটি করতে চাই না বলে বেশি টাকাতে টিকেট কেটেই যেতে হচ্ছে।”
যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করেন আল আরাফাহ্ এক্সপ্রেস লিমিটেডের কাউন্টারে থাকা মো. মাসুদ।
তিনি বলেন, “সাতশো টাকা নিলে ওইটা এসি বাসের ভাড়া নিছে। নন-এসির ভাড়া চারশ’ টাকা।”
দুই শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে সিলেটের ভোলাগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছেন দিনমজুর হাশেম আলী।
তিনি লিমন পরিবহনের ননএসি বাসের টিকেট কিনেছেন আটশ’ টাকায়। আট মাস আগে কাজের উদ্দেশে গ্রাম থেকে নারায়ণগঞ্জে যখন আসেন তখন টিকেটের দাম ছিল ৪০০ টাকা। দ্বিগুন দাম রাখায় খেদ থাকলেও আনন্দ নিয়েই ঈদযাত্রা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘ঈদে গ্রামই ভালো। বাচ্চা-কাচ্চা লইয়া যাইতেছি। আমাগোর চেয়ে তাগোই আনন্দ বেশি। এইখানে তো লোকজন চিনা পরিচয় নাই।”
দুই সহোদর কিবরিয়া ও তারেক কাজ করেন সোনারগাঁয়ের একটি চায়নিজ প্রজেক্টে। গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ যাওয়ার উদ্দেশে আসেন শিমরাইল বাসস্ট্যান্ডে। তবে নবীগঞ্জের বাস না পেয়ে মাইক্রোবাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। তবে সেক্ষেত্রে জনপ্রতি ১০০০ হাজার টাকা গুনতে হয়েছে।
কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস পাচ্ছি না সরাসরি। বাধ্য হয়ে এনা বাস কাউন্টারের এক লোকের কাছ থেকে হাইয়েসে জনপ্রতি ১০০০ টাকা দিয়ে যাবার জন্য টিকেট নিছি। দেড় ঘন্টা দাঁড়ায়ে আছি; গাড়ি আসেনি।”
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের মামলা করার সুযোগ আছে। গতকাল (বুধবার) একজন যাত্রী অভিযোগ করেছিলেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আজকে এখন পর্যন্ত কোনো যাত্রী আমাদের কাছে এসে অভিযোগ করেননি।”
