টাঙ্গাইলে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
এতে আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুই জন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান।
নিহতরা হলেন: ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি এলাকার ওসমান গনির ৩০ বছর বয়সি ছেলে মামুন হোসেন ও গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার মজিবুর রহমানের একই বয়সি ছেলে রাশিদুল ইসলাম সোহেল।
আহত দুই জন হলেন: গোপালপুর উপজেলার সোহাগ হোসেন (৪৫) ও ঘাটাইল উপজেলার উজ্জ্বল মিয়া (১৮)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রাশিদুলসহ দুই জন বাইকে ঘাটাইল থেকে ওই মহাসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় তাদের বাইকটির সঙ্গে বিপরীত দিক থেকে দুই আরোহীসহ আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয়। এতে দুই বাইকের চারজন রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাইক দুইটির দুই চালককে মৃত ঘোষণা করেন।
আহত দুই আরোহী ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
