চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় গোসলে নেমে প্রাণ গেল ২ জনের
নদীতে গোসলের একপর্যায়ে মারুফ ও হোসাইন পানিতে তলিয়ে যান বলে জানায় ফায়ার সার্ভিস।
চাঁপাইনবাবগঞ্জ সদরে মহানন্দা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চামাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম।
নিহতরা হলেন- চামাগ্রামের আবু তালেবের ছেলে মো. মারুফ (১৯) ও একই এলাকার মো. শাহীনের ছেলে মো. হোসাইন (১২)।
ফায়ার সার্ভিসের মাহবুবুল ইসলাম বলেন, সকালে মহানন্দা নদীতে গোসল করতে যান মারুফ ও হোসাইন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায়। বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে প্রথমে মারুফের লাশ এবং সাড়ে ৩টার দিকে হোসাইনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
