বাঘাইছড়ির দুরছড়ি বাজারে আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ১২
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলছেন, ঝামেলাটি নিজেদের মধ্যে; আপাতত তারা আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে ব্যস্ত।
সড়ক নির্মাণ কাজ নিয়ে বিরোধের জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার রাতে খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মদ।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের প্রতিবেশী জেলা খাগড়াছড়ির জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ওসি জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুরছড়ি বাজারে ছাউনি নির্মাণ করা হচ্ছে। এই ছাউনি নির্মাণের কারণে বাজারে যাওয়ার পথ সংকীর্ণ হয়ে গেছে, বাজারে চলাচল করতে সমস্যা হচ্ছে।
জেলা পরিষদের অর্থায়নে ছাউনির নির্মাণকাজের ঠিকাদার মদন কান্তি দে। তিনি বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি।
অন্যদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালালের এই বাজারে দোকান রয়েছে। কমিটির কেউ না হলেও বাজারে তার আধিপত্য রয়েছে। এ অবস্থায় বাজারে চলাচলের সমস্যা হওয়ায় তিনি বিকল্প সড়ক তৈরি করে ছাউনির নির্মাণকাজ চালিয়ে নেওয়ার পক্ষপাতী।
মূলত এ বিষয়টি নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
এর জের ধরে সন্ধ্যায় মদন কান্তি দের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগের আব্দুল জালাল, সাংগঠনিক সম্পাদক নারায়ণসহ বেশ কয়েকজনকে মারধর করে।
পরে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরাও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পরে এবং এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।
বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের বলেন, “নিজেদের মধ্যে মারামরির ঘটনা ঘটেছে। সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনও বলছেন, ঝামেলাটি নিজেদের মধ্যে। আপাতত তারা আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে ব্যস্ত।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ দাশ জানান, দুই পক্ষের সংঘর্ষের পর আহত ১২ জন হাসপাতালে ভর্তি করা হয়েছি। তবে এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।
