বরিশালে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন মুক্তা
“চারটি বাচ্চারই ওজন কম। অর্থাৎ ভূমিষ্ট হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোরই নেই।”
বরিশালে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। এর মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে।
শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহীন।
গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৫) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউঠা গ্রামের বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। তাদের সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালে মুক্তা আক্তারের ভাই শান্ত সাংবাদিকদের বলেন, তার বোনের বিয়ে হয়েছে ১০ বছর আগে। ভগ্নিপতি সিদ্দিকুর গত রমজানের ঈদে দেশে এসেছিলেন। কিছুদিন থেকে তিনি আবার বাহরাইনে চলে যান। শুক্রবার সকালে বোনকে হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।
মুক্তা আক্তারের মা মায়া বেগম একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে খুব খুশি। তিনি বলছিলেন, “আমাদের একটি ছেলে সন্তানের আশা ছিল। কিন্তু তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় আমরা খুশি। সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।”
নবজাতকদের শারীরিক অবস্থার কথা বর্ণনা করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহীন বলেন, “সন্তানদের মা বর্তমানে সুস্থ রয়েছে। শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।
“চারটি বাচ্চারই ওজন কম। অর্থাৎ ভূমিষ্ট হওয়ার সময় স্বাভাবিক শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোরই নেই। এখনও কোনো শিশু শঙ্কামুক্ত বলা যাবে না”, যোগ করেন সহকারী পরিচালক।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম আর তালুকদার মুজিব বলেন, “শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।”
