২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউটিউব দেখে বোমা তৈরির সময়’ বিস্ফোরণে তরুণের কবজি বিচ্ছিন্ন

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

‘ইউটিউব দেখে বোমা তৈরির সময়’ বিস্ফোরণে তরুণের কবজি বিচ্ছিন্ন

ফেনীর সোনাগাজী থানা

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 06:51 PM

Updated : 14 Jul 2023, 06:51 PM

ফেনীর সোনাগাজীতে ‘ইউটিউব দেখে বোমা তৈরির সময়’ বিস্ফোরণে এক তরুণের হাতের কবজি উড়ে গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ ঘটনা ঘটেছে বলে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান।  

আহত আবদুল্লাহ আল নোমান (১৯) উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা।  

গ্রেপ্তার আবদুল আজিজ (২১) বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির বাসিন্দা।

শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- আবদুল আজিজ, তার বড় ভাই মোমিনুল হক ও আহত আবদুল্লাহ আল নোমান।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুল্লাহ আল নোমান আড়কাইম গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে হাতবোমা তৈরি করছিলেন নোমান। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হলে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়।

নোমানকে প্রথমে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান আরও বলেন, “পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করছে। গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”