Published : 11 May 2023, 09:55 PM
গাজীপুর মহানগরীতে স্ত্রী শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন এলাকার সদর থানার ওসি জিয়াউল ইসলাম।
নিহত নূরী আক্তার (১৮) কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়ার নূরুল ইসলামের মেয়ে এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে ইসমাইল হোসেনের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে ওসি জিয়াউল ইসলাম বলেন, “ইসমাইল তার স্ত্রী নূরীকে নিয়ে পশ্চিম ভুরুলিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকার একটি হোটেলে কাজ করেন। কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল।“
ওসি বলেন, “বৃহস্পতিবার সকালে নূরী ঘুম থেকে উঠতে দেরি দেখে আশপাশের ভাড়াটিয়ারা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজায় ধাক্কা দিলে খাটের উপর নূরীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
“খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
ওসি জিয়াউল ইসলাম বলেন, “সুরতহাল প্রতিবেদনে নিহতের নাক ও মুখে রক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন ইসমাইল।”
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।