২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অবরোধের সমর্থনে মশাল মিছিল, বাস ভাঙচুর

দুর্বৃত্তরা বাসের ভেতর দুটি মশাল ছুড়ে মারে; আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয় বলে জানান চালক।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 12:09 AM

Updated : 13 Dec 2023, 12:09 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে নওগাঁ সদর উপজেলায় মশাল মিছিল থেকে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-বগুড়া সড়কের হাজীর মোড় এলাকায় মল্লিকা ইন হোটেলের সামনে থেকে মশাল মিছিল বের করে অবরোধ সমর্থকরা। মিছিলটি নেসকো কার্যালয় পার হওয়ার সময় শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা কাঠালতলী মোড় হয়ে মাদারমোল্লা সড়কের দিকে পালিয়ে যান।

বাসচালক লিটন হোসেন বলেন, “ঢাকা থেকে যাত্রী নিয়ে নওগাঁ শহরের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। পথে ৭০ থেকে ৮০ জন ব্যক্তি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ভয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।

“এক পর্যায়ে দুর্বৃত্তরা বাসের ভেতর দুটি মশাল ছুড়ে মারে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের সহায়তায় তা নিভিয়ে ফেলা হয়।”

এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জাহিদুল।