বগুড়ায় যমুনার তীর রক্ষা বাঁধের ১০০ মিটার নদীতে বিলীন
গত কয়েক দিন ধরে যমুনার পানি কমতে থাকায় প্রবল স্রোত নদী তীরে সরাসরি তীব্রভাবে আঘাত হানছে, এতে প্রকল্প এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় ভাঙতে শুরু করেছে যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধ; সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া-ভূতবাড়ি এলাকায় বাঁধের প্রায় ১০০ মিটার অংশ বিলীন হয়েছে।
ভান্ডারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, মৌসুমের শুরুতেই এই ভাঙনের ফলে ভয়াবহ ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সংলগ্ন জনবসতি।
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৬ সালে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। এর আওতায় সে বছর প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে পুকুরিয়া-ভূতবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষার কাজ করা হয়।
নদীর তীরের ঢালু অংশে বালু ভর্তি জিও ব্যাগ বিছিয়ে তার ওপর সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ হয়। তবে এর পরেও প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে এসব স্থান।
গত কয়েক দিন ধরে যমুনার পানি কমতে থাকায় প্রবল স্রোত নদী তীরে সরাসরি তীব্রভাবে আঘাত হানছে। এতে প্রকল্প এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, “সিসি ব্লকে বাঁধানো তীর রক্ষা বাঁধ দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। সিসি ব্লকের বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙনের হুমকিতে পড়েছে পুরো বাঁধ এলাকা।”
এরই মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে তীর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক, তৈরি হয়েছে বড় বড় ফাটল। ভাঙনে ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদীর তীরবর্তী মানুষ।
ভাঙন রোধে যেভাবে কাজ হওয়া প্রয়োজন তা হচ্ছে না বলে অভিযোগ তাদের।
ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, “যমুনা নদীর স্রোতের গতি বৃদ্ধি পেয়েছে। স্রোত বাঁধের নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এ তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এখন জরুরি ভিত্তিতে ভাঙনের স্থানগুলো মেরামত না করা হলে সম্পূর্ণ বাঁধই নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।”
জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ১০০ মিটার ধসে গেছে। শিগগিরই ভাঙন এলাকা চিহ্নিত করে বালুভর্তি বস্তা ফেলে ও ব্লক বসিয়ে মেরামতের ব্যবস্থা করা হবে।
