২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ঘরে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

শ্যামল বেপারির সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে শাহাদাত বেপারির বিরোধ চলছিল, কয়েকবার মারামারিও হয়েছে।

মুন্সীগঞ্জে ঘরে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদর উপজেলার শ্যামল বেপারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 10:41 AM

Updated : 14 Jun 2023, 10:41 AM

মুন্সীগঞ্জ সদর উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার শিলই পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান।

নিহত শ্যামল বেপারি (৩৮) ওই গ্রামের মৃত আব্দুল গণি বেপারির ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরেন। শ্যামল অবিবাহিত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শ্যামল বেপারির সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে শাহাদাত বেপারির বিরোধ চলছিল, কয়েকবার মারামারিও হয়েছে। এ নিয়ে মামলাও রয়েছে। সেই মামলায় শাহাদাত গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি ১৫-২০ দিন আগে জামিনে বেরিয়ে আসেন।   

এর মধ্যেই মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত শ্যামলের বসত ঘরে অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা তাকে গুলি করে ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, নিহতের শরীরের কয়েকটি স্থানে অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।