সাভারে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে চার তরুণকে কুপিয়ে জখম
রোববার রাতে সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
সাভার উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে চার তরুণকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষ।
সোমবার সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, বোরবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আকাশ (২১), ইয়াসিন (২২), সোহাগ (২১) ও শাওন (১৮)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আকাশের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের সঙ্গে থাকা সুভাষ সাংবাদিকদের বলেন, “এলাকার একজন প্রভাবশালীর ইন্ধনে কয়েকজন তরুণ দুটি পক্ষে বিভক্ত হয়েছেন। তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে চান। এই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
“এক পর্যায়ে রোববার রাত ১০টার দিকে ওই এলাকায় দুই পক্ষের লোকজন রামদা, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আকাশ, ইয়াসিন, সোহাগ ও শাওনকে জখম করে।”
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো যাচ্ছে না।”
তিনি আরও বলেন, আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করানো হয়েছে। চিকিৎক জানিয়েছেন, এদের মধ্যে আকাশের অবস্থা আশঙ্কাজনক।
