২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে জেলের জালে ৩২ কেজির পোপা মাছ

এ মাছের আকর্ষণ পটকা বা বায়ুথলি, যা দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়।

টেকনাফে জেলের জালে ৩২ কেজির পোপা মাছ

জেলেদের জালে ধরা পড়া ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের পোপা মাছ

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 12:24 AM

Updated : 23 Aug 2022, 12:24 AM

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে।

সোমবার ভোরে সেন্ট মার্টিনের দক্ষিণে সাগরে মাছটি ধরা পড়ে বলে শাহ পরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার এফবি শাহ আলম ফিশিং ট্রলারে মালিক জানান।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে ট্রলারটি মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌঁছলে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয়রা মাছটিকে ‘কালা পোপা’ বলে থাকে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়।

এ কারণেই মাছটির দাম সাড়ে পাঁচ লাখ টাকা হাঁকানো হচ্ছে বলে ট্রলার মালিক শাহ আলম জানান।

Image

পোপা মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা

ট্রলারের মাঝি মো. নুরুল আমিন জানান, রোববার সকাল ১০টার দিকে মাঝি-মাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্ট মাটিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন জেলেরা। এর মধ্যে সোমবার ভোরে জেলেরা জাল টেনে দেখেন ৯০টি লাল কোরালসহ বড় একটি ‘কালা পোপা’ আটকা পড়েছে।

“মাছটি ট্রলারে তোলার পর আমাকে জানালে দ্রুত ঘাটে চলে আসতে বলি। এই দামি মাছ পেয়ে জেলেরা খুব খুশি।”

শাহ আলম আরও জানান, পোপা মাছটি ছাড়াও এ সময় ৯০টি লাল কোরাল ধরা পড়েছে। একসঙ্গে সবগুলো মাছের দাম হাঁকানো হয়েছিল সাড়ে আট লাখ টাকা। এ পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু ভালো দামে বিক্রয়ের আশায় মাছগুলো ফ্রিজিং করে কক্সবাজার শহরে পাঠানো হয়েছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি শুনেছি। সাধারণত এত বড় পোয়া সবসময় ধরা পড়ে না। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা ও দাম বেশি।”