২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা না দিলে আসামিকে আরও ৫ মাস কারাবাসে থাকতে হবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 08:40 PM

Updated : 17 Aug 2023, 08:58 PM

বরিশালে এক ইয়াবা বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা না দিলে তাকে আরও ৫ মাস কারাবাসে থাকতে হবে।

বৃহস্পতিবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান।

দণ্ডিত ইসারুল মোল্লা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাখার পাড় এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি এজলাসে হাজির ছিলেন।

৯ বছর আগে তাকে গৌরনদী উপজেলা থেকে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ আটক করে পুলিশ।

মামলার নথির বরাতে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ২০১৪ সালের ১০ জুলাই গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল খেয়াঘাট কালীমন্দিরের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ইসারুলকে আটক করে।

এ ঘটনায় ওই রাতে গৌরনদী মডেল থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেন।

একই বছরের ১৩ অগাস্ট ওই থানার এসআই হাসানুজ্জামান একমাত্র ইসারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচারক সাত জনের সাক্ষ্য নিয়ে আজ এ রায় ঘোষণা করেন।