পুকুর পাড়ে পড়েছিল নির্মাণ শ্রমিকের মরদেহ
মরদেহের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
কুমিল্লার লালমাই উপজেলায় এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মাস্টার আবদুল মান্নানের পুকুর পাড়ে লাশটি পাওয়া যায় বলে লালমাই থানার এসআই মোর্শেদুল আলম জানান।
নিহত ৩০ বছর বয়সী আবদুল মান্নান পাশের কালরা গ্রামের হায়াতুন্নবী ভুট্টুর ছেলে। মরদেহের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে শিশুরা পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে মরদেহ দেখে চিৎকার দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন বলেন, “আবদুল মান্নান আমার গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে লালমাই থানার ওসি মো. হানিফ সরকার বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
