ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ স্কুল ছাত্রের
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধরলা সেতুর পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাদিক (১৬) ও কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের হিমু (১৭)।
সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ভেতর মোটরসাইকেলটি ঢুকে যায়। স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
অপর আরোহী হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।
ওসি মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
