২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ব্যবসায়ী নিখোঁজ, মোটারসাইকেল-মোবাইল উদ্ধার

পুলিশ জানায়, নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আশীষ।

বাগেরহাটে ব্যবসায়ী নিখোঁজ, মোটারসাইকেল-মোবাইল উদ্ধার

নিখোঁজ আশীষ সাহা।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 08:05 PM

Updated : 27 Jun 2023, 08:05 PM

বাগেরহাট সদর থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে; পরিবার বলছে, তাকে অপহরণ করা হয়েছে।

সোমবার রাতে শহরের রেলরোডের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

নিখোঁজ আশীষ সাহা (৪২) সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী গ্রামের ক্ষিরোদ চন্দ্র সাহার ছেলে। তিনি রেলরোডে ঘরভাড়া নিয়ে ইলেকট্রনিক পণ্যের (ডিলারশিপ) ব্যবসা করে আসছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর দড়াটানা সেতুর চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে থেকে আশীষের মোটরসাইকেল, ম্যানিব্যাগ, মোবাইল ফোন ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

আশীষের চাচাত ভগ্নিপতি শংকর কুমার সাহা বলেন, “প্রতিদিনের মত সোমবার সকালে আশীষ ব্যবসার কাজে বাগেরহাট শহরে যান। রাত ১১টার পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার।

“আশীষের মোবাইল ফোনে বারবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে আশীষের মোবাইল থেকে তার স্ত্রী ইশিতা সাহার ফোনে একটি কল আসে।

“কলটি ধরার পর ওই প্রান্ত থেকে অচেনা কেউ বলেন, ‘আমি আশীষের কাছে অনেক টাকা পাব, টাকা দিয়ে দড়াটানা সেতুর চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান।’ তখন তার স্ত্রী বলেন, ‘টাকা পাবেন ঠিক আছে কিন্তু এতো রাতে কোথায় টাকা পাব, আপনি তাকে ফোনটি দেন আমি কথা বলব।’ এর পরপর ফোনটি কেটে দেওয়া হয়।”

তাৎক্ষণিক বিষয়টি ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে আশীষের ব্যবহ্নত মোটরসাইকেল, ম্যানিব্যাগ, মোবাইল ফোন এবং একটি হাতুড়ি উদ্ধার করে।

নিখোঁজ আশীষকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলে ওসি আজিজুল ইসলাম জানান।