জাতীয় স্মৃতিসৌধে নতুন চার উপদেষ্টা
পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বড় একটি চ্যালেঞ্জ আমাদের সামনে, দেশকে নতুন করে গড়ে তোলার।”
সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত নতুন চার উপদেষ্টা।
শনিবার বিকাল ৫টার দিকে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। এরপর তারা সৌধ প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপণ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, “বড় একটি চ্যালেঞ্জ আমাদের সামনে, দেশকে নতুন করে গড়ে তোলার।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “৫২ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনেই ছাত্ররা নতুন যুগের সূচনা করেছে। সবশেষে এবারের যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এখন বাংলাদেশকে পুনর্নির্মাণের দায়িত্ব আমাদের ওপরে। দোয়া করবেন, আমরা যেন সেই দায়িত্বের কিছুটা হলেও পালন করতে পারি।”
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, “আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে, রাষ্ট্রের যে প্রশাসনযন্ত্র আছে সেগুলোকে গতিশীল করা, জনগণ যেন সেবা নিতে, কল্যাণ করতে পারে সেজন্য চেষ্টা করা।”
শুক্রবার বিকালে বঙ্গভবনে নতুন এই চার উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন রাতে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন করে সরকারে যুক্ত হওয়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
