গোপালগঞ্জে পাঁচ ইটভাটা উচ্ছেদ, ৯ লাখ টাকা জরিমানা আদায়
অভিযানে ভাটাগুলোর চিমনি ও ক্লিম ভেঙে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস।
গোপালগঞ্জে পাঁচটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম সদর উপজেলার কেকানিয়া, ঘোড়াইড় ও পুকুরিয়া গ্রামে অভিযান চালায়।
এ সময় মেসার্স এস আর আর বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, মেসার্স আর এস আর বি ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মেসার্স হাসেম ব্রিকস নামের পাঁচটি ভাটা উচ্ছেদ করা হয়।
পাশাপাশি মেসার্স এস আর আর বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস ও মেসার্স আর এস আর বি ব্রিকসের মালিকদের ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ভাটাগুলোর চিমনি ও ক্লিম ভেঙে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
আসাদুজ্জমান বলেন, “গ্রিন ও ক্লিন গোপালগঞ্জ গড়াল লক্ষ্যে আমাদের এই অভিযান চলবে। অবৈধভাবে নির্মিত পাঁচটি ইটভাটা আমরা উচ্ছেদ করেছি।ভাটাগুলো লাইসেন্স ছাড়েই গড়ে উঠেছে।
“এদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।এরা কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন করছিল।“
অভিযানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, গোপালগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা অংশ নেন।
