গাইবান্ধার বামনডাঙ্গা রেলস্টেশনে দাঁড়িয়ে টিকিট কেনা শুরু
২০২১ সালের মে মাসে বামনডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়। তখন নিচে পড়ে যায় স্টেশন মাস্টার ও টিকিট কাউন্টারের ঘর।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে নতুন টিকেট কাউন্টার চালু করা হয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে টিকেট কিনতে পারছেন যাত্রীরা। ফলে দুই বছরেরও বেশি সময় ধরে নিচে বসে বা ঝুঁকে টিকেট কেনার ভোগান্তির অবসান হয়েছে তাদের।
সোমবার থেকে নতুন কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. হাইউল মিয়া।
বামনডাঙ্গা রেলস্টেশন সূত্র জানা যায়, সান্তাহার-লালমনিহাট রুটে গাইবান্ধা জেলার সীমানায় পড়েছে ১১টি রেলস্টেশন। এরমধ্যে স্বাচ্ছন্দ্যে ট্রেনে ওঠা-নামা করতে ২০২১ সালের মে মাসে বামনডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়। ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা।
কিন্তু অপরিকল্পিতভাবে প্ল্যাটফর্ম উঁচু করে নির্মাণ করায় নিচে পড়ে যায় স্টেশন মাস্টার ও টিকিট কাউন্টারের ঘর। তখন থেকে এই স্টেশনে নিচে ঝুঁকে বা প্ল্যাটফর্মে বসে টিকিট কাটতে হচ্ছিল যাত্রীদের।
রোববার দুপুরেও বামনডাঙ্গা স্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ হেলে কেউবা বসে টিকিট কাটছেন। কেউ পেছনে দাঁড়িয়ে আছেন। কাউন্টার ফাঁকা হলে তিনিও বসে যাচ্ছেন। কিনছেন টিকিট।
তবে সোমবার থেকে সেই অবস্থা ছিল ভিন্ন। সব যাত্রীরা দাঁড়িয়ে টিকিট কিনেছেন। দীর্ঘদিন পর স্বচ্ছন্দে কিনতে পেরে খুশি ট্রেন ভ্রমণকারীরা।
বামনডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “অপরিকল্পিতভাবে প্লাটফর্ম নির্মাণ করায় এই সমস্যার সৃষ্টি হয়। প্লাটফর্ম উঁচু করার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারের ঘরও উঁচু করা উচিত ছিল। কিন্তু ট্রেনযাত্রীদের সেবার কথা ভাবা হয়নি। ফলে দুই বছরের বেশি সময় সেই খেসারত দিতে হয় ট্রেন যাত্রীদের। ”
তিনি আরও বলেন, “বসে ও হেলে টিকিট কাটার কারণে বয়স্ক ব্যক্তি, নারী, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীরা বিপাকে পড়েছিলেন। অনেকে অন্যের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে টাকাও খুইয়েছেন। এখন আর সেই সমস্যা থাকলো না।”
বামনডাঙ্গা এলাকার ব্যবসায়ী সেনা সরকার (৪৫) বলেন, “ব্যবসায়িক কাজে প্রায়ই ট্রেন যোগে গাইবান্ধা জেলা শহরে যেতে হয়। আমার কোমরে ব্যথা। কোমর বাঁকা করে মেঝেতে বসে কাউন্টার থেকে টিকিট নিতে হত। এতে আরও সমস্যায় পড়তে হত।
“ট্রেনের টিকেট কাটতে সব বয়সী যাত্রীরাই ভোগান্তি পোহাতো। অনেক আগেই দাঁড়িয়ে টিকিট কেনার ব্যবস্থা করা উচিত ছিল।”
বামনডাঙ্গা এলাকার কলেজ ছাত্র শামীম মিয়া বলেন, “বসে টিকেট কাটতে অনেক সমস্যা হচ্ছিল। জিন্সের প্যান্ট পরে ঠিকভাবে বসা যেতো না। ”
একই এলাকার কলেজ ছাত্রী সাবিনা আক্তার জানান, বামনডাঙ্গা থেকে ট্রেনে গাইবান্ধা সরকারি কলেজে যাতায়াত করেন। অনেক সময় প্লাটফর্মে বসে টিকিট কাটতে লজ্জা লাগতো। কারণ টিকিট কাটার সময় নানা ধরনের লোক থাকতো। সবাই একসঙ্গে টিকিট কাটতেন। ফলে নানা সমস্যা তৈরি হচ্ছিল।
এসব বিষয়ে বুধবার সকালে বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টার মো. হাইউল মিয়া বলেন, সোমবার দুপুর থেকে স্টেশন চত্বরে দাঁড়িয়ে টিকিট কেনার ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের একটি রুমের দরজা বন্ধ করে দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে।”
এতোদিন কেন এমন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিন তারা কোনো ব্যবস্থা নেননি।”
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে নতুন স্টেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
