২০ বছর পর সিরাজগঞ্জে তারেক, ব্যাপক প্রস্তুতি
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
“দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি, সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জনসমাগম ঘটবে।”
২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
