নওগাঁয় বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
ওই নারী শুকনো পাতা ঝাড়ু দিতে গেলে কাজল তাকে ধর্ষণ করেন বলে জানান পিপি।
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক বিশেষ চাহিদা সম্পন্ন নারী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মকবুল হোসেন।
দণ্ডিত শ্রী কাজল মালী পত্নীতলা উপজেলার বাসিন্দা।
মামলার বরাত পিপি মকবুল হোসেন বলেন, ২০২০ সালের ২৭ মার্চ দুপুরে ওই উপজেলার এক বিশেষ চাহিদা সম্পন্ন নারী তার বাড়ির পেছনে শুকনো পাতা ঝাড়ু দিতে যান।
এ সময় কাজল পেছন দিক থেকে ওই নারীকে জাপটে ধরে মুখে গামছা ভরে দিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।এরপর ওই নারীর স্বামী ২০২০ সালের ১ এপ্রিল পত্নীতলা থানায় একটি মামলা করেন।
তিনি আরও বলেন, এরপর কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে জবানবন্দি দেন।
পরে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর বিচার কাজ শেষে সোমবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি কাজলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
